Sunday, June 16, 2019

চিরনির্ভর, চিরশান্তি - আমার বাবা সাইফুদ্দিন খান

কন্যাসন্তানের নামের সাথে 'কল্যাণীয়া' শব্দ বসাতে খুব ভালোবাসতেন অামার বাবা অাকৈশোর সংগ্রামী এক অনন্য মানবতাবাদী মানুষ সাইফুদ্দিন খান।বাবার কোলে করে বেড়ানোর স্মৃতি এখনো অমলিন।বাসা থেকে বেরুলেই হেঁটে কোর্ট বিল্ডিংয়ের মুখের দোকান থেকে নানান স্বাদের নাবিস্কো চকলেট কিনে দিতো অামাদের তিন ভাইবোন কে। কন্যাসন্তানের ও জীবন অাছে, তার ইচ্ছেমতো চলার স্বাধীনতা অাছে - একথা বাবাই প্রথম অামাকে বুঝতে শেখান। অাজ বাবা নেই বলে গভীর শূণ্যতায় ডুবে যাই বারবার!
 অামার যতো অনুযোগ, অনুরোধ,অভিমান প্রকাশের একচ্ছত্র অাধিপত্য ছিল যার ওপর,অামার অাব্বু কে খুব মিস করছি। অাজ বাবা দিবসে বাবাকে কাছে পেলে স্বর্গীয় সুখ পেতাম নিশ্চয়!
বাবাকে এভাবে না হারালে ও তো পারতাম!
 সময় কতো বদলে যায়, সন্তানদের কাছে  বাবার মতো অাব্দার করা না গেলে ও সন্তানদের বাবা বলে ডাকি।সন্তানদের গুরুত্ব, তাদের অাব্দার, মান অভিমান অামাদের কাছে অনেক গুরুত্ব রাখে। অার তাই তাদের বয়স এবং সময়ের কাছে ছেড়ে দিতে হয় তাদের বোধগম্যতা।অামার অাব্বু, তুমি যেখানেই থাকো- তোমার অসমাপ্ত কাজ অামার কর্মযজ্ঞের অংশ,জানো তুমি। তোমার স্পর্শ প্রতিমুহূর্তে অামি অনুভব করি,অাব্বু অামার! বাবা দিবসে অামার চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি বাবা সাইফুদ্দিন খানকে অন্তরের অন্তঃস্থলে অনুভব করছি, যিনি অামার সবকিছুতে অামার সঙ্গে অাছেন বলে অামি অনুভব করি প্রতি মুহূর্তে!
বেলা ১১টা
১৬ জুন ডাবলিন,অায়ারল্যান্ড

Monday, April 29, 2019

এবার ফিরাও মোরে- কোথায় আল্লাহ ঈশ্বর ভগবান?-সুমি খান

প্যাগোডা গীর্জা
মসজিদ মন্দির
কোথায় আল্লাহ-তুমি অবতার?
কোথায যে ভগবান?
কোথায় কৃষ্ঞ যিশু?
কাঁদছে নারী
কাঁদছে পুরুষ
আবাল বৃদ্ধ শিশু!

পবিত্রতায় নিস্তরঙ্গ
করুণায় থরোথর!
বিপন্ন আজ তোমার মানুষ
কান্নার সরোবর!
রক্তের নদী বয়ে যায়
সিনাগগ,গীর্জায়!
মসজিদ -মন্দির ভাসে শুধু রক্তের বন্যায়!

তথাগত কতো শান্তির বাণী দিলো-
মন্দিরে দেবী খন্ডিত-
ভেঙ্গে চুরে
আর আগুনে পুড়ে
রামুর যতো বুদ্ধমূর্তি
সব একাকার লুন্ঠিত!

কেন তবু তুমি নির্বিকার-নীরব ?
বিশ্বজুড়ে যখন তারা সরব !
তাদের হাতেই খোলা তরবারি -
তাদের মাথায় কৃপা যে তোমারি!
যাদের হাতের খড়গ কৃপাণ
কেড়ে নিলো কোটি নিরীহ প্রাণ!

খড়গ হাতে গুজরাট জুড়ে
ছুটেছে কৃপাণ আসানসোলে
নিরীহ কিশোর সিবঘাতুল্লাহ
প্রাণ হারিয়েছে যাদের হাতে!
তাদেরও কপালে জ্বল জ্বল করে
ভগবান পদচিহ্ণ !
তারা শুধু ছুটে চলেছে অসীমে-
সভ্যতা নিশ্চিহ্ণ!

খোলা তরবারী পতাকায় আঁকা
কলেমা তৈয়ব লেখা -
উড়িয়ে সে ধ্বজা
হেসে হেসে খুন করে গেলো তারা
নিরীহ শিশু যতো -
দ্যাখোনি কি তুমি
জায়াানের মা- ’হায় খোদা ‘বলে
তোমায় ডেকেছে কতো?
তবু যে তোমার আরশ কাঁপে না-
শিয়রে তাদের মৃত্যু হাসে না
আসে না তো যম-
আসে না তো আজরাইল!
আসে না তো কোন দৈববাণী
শান্তির দূত হয়ে-
এবার ফিরাও মোরে!
হে বিধাতা মোর-
এবার ফিরাও মোরে!
------------------------
০০২
----------------
লক্ষ্মীপেঁচা জেগেছিলো কাল
বলে গেছে অমানিশা
ঘিরেছে পৃথিবী -
হারিয়েছে যেন দিশা!
সকাল ৮টা ২৪ মিনিট, ৩০ এপ্রিল,২০১৯, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা

Saturday, April 6, 2019

৮০% দগ্ধ মাদ্রাসা ছাত্রী রাফি বাঁচতে চায়- নারী নেত্রীরা একাত্ম হবেন কি আজ?-সুমি খান

০৬ এপ্রিল, ২০১৯
শরীরের ৮০% দগ্ধ  নুসরাত জাহান রাফি (১৮) কে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছেন ডা. সামন্ত লাল সেন স্যার। রাফি শুধু একটি শব্দ বলেছে, ”আমাকে বাঁচান ।”
 রাফিকে বাঁচানোর চেষ্টার পাশাপাশি জোরালো প্রতিবাদ গড়ে তুলতে হবে রাফির গায়ে আগুন দিয়ে যারা তাকে হত্যা করার চেষ্টা করেছে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং তার পেটোয়া বাহিনীর উপযুক্ত শাস্তির দাবিতে।
রাফির অপরাধ  গত ১৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ্দৌলা তার কক্ষে  রাফীকে ডেকে নিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। সেই অভিযোগে অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে আটক করেছে পুলিশ। সেই ঘটনার পর থেকে  শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের শাস্তির দাবিতে মানবন্ধন করেছে।  যৌন হয়রানির অভিযোগে আটক অধ্যক্ষ সিরাজউদ্দৌলার অনুগত ছাত্ররা তার মুক্তির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেছে ।
ফেনী জেলার সোনাগাজীতে আলিম পরীক্ষাকেন্দ্রে  নুসরাত জাহান রাফি (১৮) র গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত  পুড়িয়ে হত্যার চেষ্টা  করেছে তার সহপাঠিরা। রাফির শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়ে গেছে বলে সাংবাদিকদের জানিয়েছে তার ভাই। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের জানান,দগ্ধ ছাত্রীর শরীরের ৭০-৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ রাফীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
নুসরাত জাহান রাফির ভাই মাহমুদুল হাসান নোমান সাংবাদিকদের জানিয়েছেন,শনিবার সকালে আরবি প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে রাফি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে যায়।তখন অধ্যক্ষ সিরাজ্উদ্দৌলার নিয়ন্ত্রিত কয়েকজন শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে ফুসলিয়ে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা নুসরাত জাহান রাফিকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান। সেখানে ডা. সামন্তলাল সেনের তত্বাবধানে রাফির চিকিৎসা শুরু হয়েছে।
ডা. সামন্তলাল সেন এই প্রতিবেদককে জানান, নুসরাত জাহান রাফির অবস্থা ভালো নয়, তাকে আইসিইউতে নেয়া হয়েছে। নুসরাত জাহান রাফি ডা. সামন্ত লাল সেনকে শুধু একটি কথাই বলেছে, “আমাকে বাঁচান।!”  ডা. সামন্তলাল সেন এই প্রতিবেদককে জানান, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন রাফিকে বাঁচানোর জন্যে। এদেশে বার্ণ ইউনিটের অনেক রোগীর জন্যে ডা.সামন্তলাল সেন ’ফেরেশতা’ বা ’দেবদূত’। তাঁর সাধ্যাতীত চেষ্টাতে সেরে উঠেছেন অনেকেই। আমরা রাফির সুস্থতার জন্যে প্রার্থনা করছি।
বাংলাদেশ মহিলা পরিষদের একজন নেত্রীকে ফোন করে জানালাম রাফির শারীরিক অবস্থা । তিনি জানালেন , ”আজ আর সময় নেই।” আরো বললেন. কাল ভেবে দেখবেন কাউকে ঢাকা মেডিকেলে পাঠানো যায় কিনা। বিস্ময়ে হতবাক হতে ভুলে গেছি আমি।
নুসরাত জাহান রাফির জন্যে বাংলাদেশ মহিলা পরিষদ অথবা মাদ্রাসার শিক্ষক সমাজ বা ওলামা সমাজ কারো কি কোন দায়িত্ব নেই? নুসরাত জাহান রাফি আজ একটি প্রতীকি নাম ।
নুসরাত জাহান রাফি তার উপর অন্যায়ের প্রতিবাদ করার ‘দায়ে’ পরীক্ষার হলে জীবন্ত দগ্ধ হলো তার মাদ্রাসার ছাদে।
২০১৯ সালে এসে এ কোন মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হলো রাফিকে। আমার দু’চোখে নীরব অশ্রুধারা। রাফি মাদ্রাসা ছাত্রী । ধর্ম কর্ম তো শতভাগ মেনেই চলেছিলো মেয়েটি। তাহলে কোন্ অপরাধে তাকে আজকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করালো তারই সহপাঠীবৃন্দ, যারা ইসলাম ধর্মের শিক্ষার্থী ? তাদের কি ধর্ম অধর্ম জ্ঞান আদৌ শেখানো হয়? কোন মানবিক শিক্ষা তাদের দেয়া হয় কিনা যথেষ্ট প্রশ্ন আছে।
সরকার মাদ্রাসার জন্যে দু’হাত তুলে সহযোগিতা করছেন। আজকের দিনে আবারো প্রমাণিত হলো তাদের  সুশিক্ষা, মানবিক শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করতে হবে সবার আগে।
 রাফির সাথে যে বর্বরতা হয়েছে তার প্রতিবাদে কি মুখর হবেন না কেউ?
ফেণীতে যৌন নিপীড়নকারী অধ্যক্ষ সিরাজউদ্দৌলার মুক্তির দাবিতে মানববন্ধন আর মিছিল যারা করছে, তাদের আইনের আওতায় আনা হোক্ । আশা করি প্রতিবাদী নারী সমাজ মাঠে নামুক রাফির উপর বর্বরতার দায়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে।
সম্পাদক, সূর্যবার্তানিউজডটকম
সন্ধ্যা ৬টা ৪০ মিনিট, শনিবার।

Monday, April 1, 2019

নারীর আপন ভাগ্য জয় করবার অধিকার কতো দূরে? -সুমি খান

নারীর জীবন-০০১

আমাদের দেশে এখনো নারীর সম্মান এবং আত্মসম্মান যেন খোলামকুচি। কৈশোর পেরুতে না পেরুতেই যখন বিয়ে হয়ে যায়, সেটা প্রেমের বিয়ে হোক্ আর পরিবারের সিদ্ধান্তেই হোক্- সেই বিয়ে তার জীবনে যদি শান্তি এনে না দেয়, তখন পরিবারকে নিশ্চয়ই দায়িত্ব নিতে হবে মেয়েটির জীবনে কিছুটা অন্তত শান্তি আনার। তার জীবনে যদি অশান্তি ই অবধারিত সত্য হয়,সেই বিয়ে তার জীবনকে অশান্ত করে তুললে তাকে যে কোন অজুহাতে কেন বাধ্য করা হবে অস্থিতিশীল কোন বৈবাহিক সম্পর্কে জীবনভর বন্দী থাকতে? সন্তানদের সুস্থতার জন্যেই এখন বিশ্বের উন্নত দেশে ’সিঙ্গেল মাদার’ দের জন্যে রাষ্ট্র অনেক সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের দেশেও সে ব্যাপারে ভাবতে হবে । বিয়ে এবং বৈবাহিক সম্পর্কের দায়িত্বশীলতা নিয়ে অনেকের মাঝে যে অজ্ঞতা এবং সংস্কার রয়ে গেছে, তার শিকার হয়ে অকালে হারিয়ে যাবে অনেক সম্ভাবনাময় জীবন। তালাকের হার বেড়ে যাওয়ার বিষয়ে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, তালাককে এখন ইতিবাচক দৃষ্টিতে দেখতে হবে।তালাকেরযৌক্তিক কারণ না থাকলে সাধারণতঃ একজন নারী তালাকের আবেদন করেন না।

জেন্ডার সেন্সেটাইজেশানের যুগে বৈবাহিক সম্পর্ক নারী পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই আর। সমাজ বাস্তবতা অনেক আদি সংস্কারের শৃঙ্খল ভেঙ্গে দিয়েছে। নারীর সাথে নারীর এবং পুরুষের সাথে পুরুষ বৈবাহিক বন্ধনে আবদ্ধ হচ্ছে। প্রকৃতিগতভাবে তারা ভিন্ন জেন্ডারের সাথে বৈবাহিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে অক্ষম। সেই বাস্তবতায় একজন নারী তার বৈবাহিক সম্পর্কে পারস্পরিক সম্মানজনক অবস্থানে  না থাকলে সেই নারীর মা -বাবা এবং পরিবারের আন্তরিক ভূমিকা মেয়েটির মানসিক চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখে নিঃসন্দেহে। যা খুব কমই দেখা যায়। এ কারণে পরিবারের  দায়িত্বশীল ভূমিকার অভাবে অনেক সম্পর্কই ভেঙ্গে যায়।

সন্তানের কারণে অনেক সম্পর্কের ভাঙ্গন সাময়িক ভাবে ঠেকে থাকলেও নারীর দায়িত্বশীল ভূমিকাকে দিনের পর দিন দুর্বলতা মনে করে,যে পুরুষ, তার সাথে ‘জন্ম জন্মান্তরের বন্ধন’ মনে করার মতো অবাস্তব জগতে নারী রা অবস্থান করে না। নজরুলের ভাষায় বলতে হয়, “সে যুগ হয়েছে বাসী-যে যুগে পুরুষ দাস ছিল নাকো নারীরা আছিলো দাসী!” তাই নারীরা এখন দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে মাথা উঁচু করে চলবার স্পর্ধা দেখাতে পারছে। পরিবার এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা অনেক ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের বন্ধন দৃঢ় রাখতে সহায়ক ভূমিকা রাখে। তবু যে সম্পর্ক রাখতে হলে নারীকে তার আত্মসম্মান হারাতে হয়, সেই সম্পর্ক ঘুচাতে বাধ্য হয় আজকের নারী। আর এ সমাজে তালাকপ্রাপ্তা নারীর প্রতি তার পরিবারের করুণা আর বঞ্চনা যে কতোটা দুঃসহ জীবন যাপনে তাকে বাধ্য করে , তা অনেক নারীই জানেন। তবু মানুষের মতো করে বাঁচবার প্রত্যয়ে বঞ্চিত অপমানিত জীবন থেকে মুক্তি চায় আজকের নারী।

আর এ কারণে ঢাকা শহরে এখন প্রতি ঘন্টায় একজন তালাক দিচ্ছে ( প্রথম আলো-২৭ আগষ্ট, ২০১৮) এ বাস্তবতায় অনেকেই ডিভোর্স কে সহজ ভাবে মেনে নিতে পারেন না। সেটা তাদের সমস্যা। সমাজ এগিয়ে গেছে অনেক দূর। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে ষাটের দশকেই পারিবারিক বিচ্ছেদ বা ডিভোর্সের ঘটনা ঘটেছে ।তবু আমাদের পরিবার গুলোতে এখনো ডিভোর্স বা তালাকের ঘটনা সহজভাবে নিতে পারেন না অনেকে। কিন্তু কেন? পারিবারিক সংকটেে যদি পারস্পরিক সম্পর্ক সুরক্ষার চেষ্টা না থাকে, সেই পরিবারের মূল্য কী?  সেসব পরিবারে সন্তানদের জীবনেও অনেক অনিশ্চয়তা থাকে। এ কারণেই সম্পর্ক ভাঙ্গে, দিনের পর দিন শূণ্যতায় ডুবে যায় নিঃসঙ্গ একাকী নারী।

এক দিন সেই শূণ্য জীবনে যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তার সঙ্কটে একাত্ম হয়ে কোন বন্ধু , সেটা যে কোন নারীর জীবনে পরম পাওয়া। তার পরিবারের জন্যেও তা পরম পাওয়া। গভীর সঙকট থেকে উত্তরণের পথে এই সুন্দর ক্ষণ খুব কম নারীর জীবনেই আসে। যে কোন পরিবারের জন্যেই বন্ধুর মতো প্রিয়জন পাওয়া অনেক বড়ো পাওয়া।এ নিয়ে কথা হচ্ছিলো আমার মিতা এবং প্রিয় বন্ধু শাহনাজ সুমি, প্রিয় বন্ধু সঙ্গীতা নন্দী, প্রিয় মানুষ চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং সাংবাদিক শামীম আখতার  এবং আমার শ্রদ্ধাভাজন রুমানা নাহিদ সোবহান, নাজনীন পাপ্পু এবং আমার মাসীমা কোলকাতার বালিগঞ্জ গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা হেডমিস্ট্রেস মমতা ঘোষ এর  সঙ্গে।

এঁদের সকলের বক্তব্য, নারীকে তার আপন ভাগ্য জয় করবার অধিকার থেকে চিরদিন বঞ্চিত রাখতে পারে না কোন সমাজ। মানসিক বা শারীরিক নিপীড়ন জীবনভর টেনে নিলে সেই নারী বড়ো লক্ষ্মীমন্ত মেয়ে- সেই যুগ  বাসী হয়ে গেছে। যদিও তালাক বা ডিভোর্সাস চাইলে নারীকে এখনো অনেক পরিবারে হেনস্থা হতে হয়; তবু নারী বেরিয়ে আসছে তার আপন ভাগ্য জয় করবার মানসে। আমার মাসীমা মমতা ঘোষ কোলকাতার বালিগঞ্জ থাকেন। তিনি বললেন, ”কোলকাতায় এখন ডিভোর্স এবং পুনর্বিবাহ  খুবই পরিচিত ঘটনা। আমার ছোট ভাইয়ের ক্যান্সার। এই অসুস্থ শরীরেই তার ছেলের সাথে ডিভোর্স হওয়া মেয়েকে সেই মেয়ে( প্রাক্তন পুত্রবধু)র পছন্দের ছেলের সাথে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে।”

ঢাকাতেও এমন চিত্র সচরাচর দেখা যায় না বলা যায় না।তবে ঢাকার বাইরে এখনো ‘বিয়ে’ কে শান্তিপূর্ণ রাখতে কেউ পাশে না থাকলে ও বিয়েকে ‘জন্মজন্মান্তরের বন্ধন’  হিসাবে মানতে অনেক মেয়েকে বাধ্য করা হয়। সেই সংস্কার থেকে যতোদিন বেরিয়ে আসবে না, আমাদের সমাজ ততোদিন অন্ধকারেই রয়ে যাবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পারিবারিক শান্তি কখনোই প্রতিষ্ঠা হবে না।
 বিকেল ৫টা, পয়লা এপ্রিল, ২০১৯ সাল, বসুন্ধরা, ঢাকা।
লেখক-সম্পাদক - সূর্যবার্তানিউজ.কম

Wednesday, March 13, 2019

নারীর অধিকার ও নেতৃত্ব প্রশ্নে পুরুষশাসিত সমাজব্যবস্থা থেকে সমস্যাপূর্ণ নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে- আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস

 ৮ মার্চ ২০১৯
শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক অগ্রগতির ক্ষেত্রে অপরিহার্য বিষয় হলো লিঙ্গসমতা ও নারীর অধিকার। আমরা কেবল ঐতিহাসিক অবিচার সমূহকে চ্যালেঞ্জ করে এবং সবার অধিকার ও মর্যাদার পক্ষে কথা বলে প্রতিষ্ঠানে আস্থা পুনঃস্থাপন ও সংহতি পুনর্গঠন করতে পারি এবং বহুমাত্রিকভাবে লাভবান হতে পারি।

সাম্প্রতিক দশকগুলোয় কিছু ক্ষেত্রে নারীর অধিকার ও নেতৃত্ব প্রশ্নে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করেছি। কিন্তু এসব অর্জন পুরো বা ধারাবাহিক অর্জনের তুলনায় নগন্য এবং এগুলোর পরিপ্রেক্ষিতে এরই মধ্যে পুরুষশাসিত সমাজব্যবস্থা থেকে সমস্যাপূর্ণ নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে।
ক্ষমতার প্রশ্নে লিঙ্গসমতা একটি অপরিহার্য বিষয়। আমরা পুরুষশাসিত বিশ্বে পুরুষনিয়ন্ত্রিত সংস্কৃতির মধ্যে বাস করি। নারীর অধিকারকে আমরা যখন সবার লক্ষ্য হিসেবে নিই, যা কি না সবাইকে লাভবান করতে পারে এমন একটি পথ, তখনই কেবল আমরা ভারসাম্যে পরিবর্তন দেখি।
নারীদের মধ্যে থেকে সিদ্ধান্ত গ্রহণকারীর সংখ্যা বাড়ানো অপরিহার্য। জাতিসংঘে আমি এই বিষয়টিকে ব্যক্তিগত ও জরুরি অগ্রাধিকার হিসেবে নিয়েছি। বিশ্বজুড়ে আমাদের দলগুলোকে নেতৃত্ব দানকারীদের মধ্যে এখন লিঙ্গসমতা নিশ্চিত হয়েছে এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপনা দলে এখন নারী সদস্যের সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। আমরা এ ক্ষেত্রে অগ্রগতি অব্যাহত রাখব।

কিন্তু ক্ষমতা প্রাপ্তি ও প্রয়োগের ক্ষেত্রে নারীদের এখনো বড় ধরনের বাধার মুখোমুখি হতে হয়। বিশ্ব ব্যাংকের তথ্যানুসারে, মাত্র ছয়টি দেশ কর্মক্ষেত্রে নারী ও পুরুষকে সমানাধিকার দেয়। এবং এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে অর্থনৈতিকখাতে লিঙ্গ পার্থক্য ঘুঁচিয়ে উঠতে এ বিশ্বের ১৭০ বছর সময় লাগবে।
জাতিয়তাবাদী, জনরঞ্জনবাদী ও কঠোরতা নীতিতে লিঙ্গ অসমতা যোগ করে, যা নারীর অধিকার খর্ব করে এবং সামাজিক পরিসেবা সীমিত করে। কিছু দেশে হত্যাকাণ্ডের সার্বিক হার কমলেও লিঙ্গজনিত কারণে বিদ্বেষপ্রসূত নারী হত্যার হার বাড়ছে। অন্য দেশগুলোর ক্ষেত্রে আমরা পারিবারিক সহিংসতার বা নারীর জননাঙ্গ ছেদের বিরুদ্ধে আইনি সুরক্ষার ঘাটতি দেখতে পাই। আমরা জানি, নারীর অংশগ্রহণ শান্তিচুক্তিকে টেকসই করে, কিন্তু এমনকি সরকারও, যারা এ ক্ষেত্রে সোচ্চার কণ্ঠ তারাও কাজের ক্ষেত্রে নিজেদের কথার বাস্তবায়নে ব্যর্থ। ব্যক্তি ও পুরো সমাজকে আঘাত করার কৌশল হিসেবে সংঘাতে যৌন সহিংসতার পথ বেছে নেওয়া অব্যাহত রয়েছে।
এই প্রেক্ষাপটের বিরুদ্ধে নারীর অধিকার, মর্যাদা ও নেতৃত্বকে সুরক্ষা দিতে ও এর পক্ষে প্রচারণার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে। দশকের পর দশক ধরে যে বিষয়টি বিজয়ী হয়ে এসেছে, আমাদের তাকে আর জয়ের সুযোগ দেওয়া উচিত নয় এবং এ ক্ষেত্রে সার্বিক, দ্রুত ও আমুল পরিবর্তনের ওপর আমাদের অবশ্যই জোর দিতে হবে।

এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো ‘সমান চিন্তা, বুদ্ধিদীপ্ত নির্মাণ, পরিবর্তনের জন্য উদ্ভাবন’, যা সেই সব পরিকাঠামো, ব্যবস্থা ও অবকাঠামোকে চিহ্নিত করে, যেগুলো গড়ে উঠেছে পুরুষ নির্ধারিত সংস্কৃতির আলোকেই। আমাদের এই বিশ্বটাকে পুনঃকল্পনা ও পুনর্নির্মাণের জন্য আমাদের একটি উদ্ভাবনী পথ খুঁজে বের করা প্রয়োজন, যা সবার জন্যই সমান কার্যকর হবে। নগরায়ন নকশা, পরিবহন ও জনপ্রশাসনের মতো ক্ষেত্রে নারী সিদ্ধান্ত গ্রহণকারীরা এসব খাতে নারীর প্রবেশের সুযোগ বৃদ্ধি, হয়রানি ও সহিংসতা প্রতিহত এবং সবার জীবনমানের উন্নয়ন ঘটাতে পারেন।
এই বিষয়টি ডিজিটাল ভবিষ্যতের ক্ষেত্রেও প্রযোজ্য, যা আমাদের ওপরই নির্ভরশীল। উদ্ভাবন ও প্রযুক্তিতে নির্মাতার বৈশিষ্ট্যই প্রতিফলিত হয়। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও নকশা প্রণয়ন খাতে নারীর অপ্রতুল প্রতিনিধিত্ব ও নিয়ন্ত্রণের ঘাটতি সবার জন্যই উদ্বেগের কারণ হওয়া উচিত।
গত মাসে ইথিওপিয়ায় আমি ‘আফ্রিকান গার্লস ক্যান কোড’ নামের একটি উদ্যোগের সঙ্গে কিছু সময় কাটিয়েছি। এই উদ্যোগ ডিজিটাল জগতে লিঙ্গ পার্থক্য ঘোচাতে এবং প্রযুক্তি দুনিয়ায় আগামীর নেতৃত্বকে প্রশিক্ষণ দিতে কাজ করে। ওই মেয়েরা নিজেদের প্রকল্পে যে শক্তি আর উদ্যম প্রদর্শন করেছে, তাতে আমি অভিভূত। এ ধরনের কর্মসূচি কেবল দক্ষ জনশক্তিই গড়ে তোলে না, এগুলো মেয়েদের লক্ষ্য ও স্বপ্নকে সীমিত করা ধরাবাধা ছককেও চ্যালেঞ্জ জানায়।
এবারের আন্তর্জাতিক নারী দিবসে, আসুন আমরা নিশ্চিত করি যে নারী ও কিশোরীরাও আমাদের সবার জীবনের ওপর প্রভাব ফেলা নীতি, পরিষেবা ও অবকাঠামোর আকার দিতে পারে। এবং আসুন যে নারী ও কিশোরীরা সবার জন্য সুন্দর পৃথিবী গড়তে বাধা ভাঙছে, তাদের সমর্থন জানাই।

সংকট মুক্তির পথে নারীর পাশে থাকুক তার মা, পরিবার এবং সমাজ-সুমি খান

  আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো বিশ্বব্যাপী । March 8 ,2019- #BalanceforBetter প্রতিপাদ্য নিয়ে এবার নারী দিবস পালিত হলো। একটু ভালোর জন্যে জীবন জীবিকা নিয়ে ব্যালেন্স করে চলতে শিখতে হয় আমাদের।
 অনেকটা নীরবেই পার করেছি এবারের নারী দিবস। আমার কৈশোর থেকে নারী দিবসের প্রাক্কালে পত্র পত্রিকায় লেখা দিয়েছি। সকালবেলা মা’কে নারী দিবসের শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে শুরু হতো নারী দিবস। বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এ দিবস পালনের রীতি ছিল । এবারে একটু দেরিতেই নারী দিবস বিষয়ে লিখতে বসলাম। নারীর ক্ষমতায়ন বেড়েছে মনে করেন অনেকে। আপাতদৃষ্টিতে তেমন মনে হলে ও বাস্তবে তা হয়েছে বলে মনে করেন না সমাজবিশ্লেষকেরাও।তবু নারীর অধিকারের লড়াইয়ের ইতিহাসে আন্তর্জাতিক নারী দিবসের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোৗরবোজ্জ্বল। 

এই দিবসটি উদযাপনের নেপথ্যে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে গুলি চললে নিহত হন অনেক নারীশ্রমিক।সরকারী লাঠিয়াল বাহিনীর দমন-পীড়ন চলে মিছিল কারী প্রতিবাদী নারীশ্রমিকদের উপর।
 ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেৎকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ; জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এ সম্মেলনে ক্লারা প্রতি বছর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সিদ্ধান্ত হয়- ১৯১১ খ্রিস্টাব্দ থেকে 'নারীদের সম-অধিকার দিবস' হিসেবে দিনটি পালিত হবে।
দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা। ১৯১৪ খ্রিস্টাব্দ থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ পালিত হতে লাগল। বাংলাদেশে ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পূর্ব থেকেই এই দিবসটি পালিত হতে শুরু করে। অতঃপর ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে দিনটি - নারীর সমঅধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার অভীপ্সা নিয়ে।
বিশ্বের অনেক দেশে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সরকারী ছুটির দিন হিসেবে পালিত হয়। তন্মধ্যে - আফগানিস্তান, আর্মেনিয়া,আজারবাইজান, বেলারুশ, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, কিউবা,জর্জিয়া, গিনি-বিসাউ,ইরিত্রিয়া, কাজাখস্তান, কিরগিজিস্তান, লাওস, মলদোভা,মঙ্গোলিয়া,মন্টেনিগ্রো, রাশিয়া,তাজিকিস্তান, তুর্কমেনিস্তান,উগান্ডা,ইউক্রেন,উজবেকিস্তান,ভিয়েতনাম এবং জাম্বিয়া।এছাড়া, চীন, মেসিডোনিয়া, মাদাগাস্কার,নেপালে শুধুমাত্র নারীরাই সরকারী ছুটির দিনভোগ করেন। আমাদের দেশে সর্বক্ষেত্রে নারী দিবস পালিত হলেও এখনো নারীর অধিকার প্রশ্নে পরিবার এবং সমাজ আন্তরিক ভূমিকা পালনে যথেষ্ট পিছিয়ে রয়েছে ।
নারী দিবসে বাণী দিলেন দেশের শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল নেতৃত্বের অনেকে। বানিজ্যিক প্রতিষ্ঠান গুলোও তাদের বাণিজ্য করতে ছাড়ে নি । মীনা বাজার এর মেসেজ এলো নারী দিবসে তাদের পণ্যমূল্যে ছাড় দেবার প্রলোভন দেখিয়ে। 
পরিবার এবং সমাজে নারী তার প্রাপ্য সম্মান থেকে এখনো বঞ্চিত । এ কারণে নারী দিবসে ঔদার‌্য দেখাতে যারা বাণী দিলেন, তাদের নিজেদের বোধ ও বিবেকের কাছে জবাবদিহিতা আছে কিনা প্রশ্ন থেকে যায়। নারীর মাতৃত্ব যাদের কাছে দুর্বলতা , তাদের শঠতা ,নীচতা আর হঠকারীতার কাছে কেন বিকিয়ে যায় জীবনের দায়িত্ব! নারী তার পরিবারেই বঞ্চিত হয় প্রাপ্য সম্মান থেকে।কবে এর অবসান হবে? বিবাহিত নারীর প্রতি স্বামী কর্তৃক সহিংসতা-সংক্রান্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১১ সালের রিপোর্টে এ সহিংসতার হার ছিল ৮৭ শতাংশ, যা ২০১৫ সালে কমে হয়েছে ৮০ শতাংশ। আবার পুলিশ রিপোর্ট অনুযায়ী, সারা দেশে নারীর প্রতি সহিংসতা-বিষয়ক মামলা রুজুর হার বেড়ে চলেছে। যেমন: ২০১০ সালে সারা দেশে এ বিষয়ক মামলা রুজু হয়েছিল মোট ১৭ হাজার ৭৫২টি, সেখানে ২০১৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ২২০টি। এই দুটি উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে একদিকে নারীর প্রতি সহিংসতার হার কমছে, আবার এ ধরনের সহিংস ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণের হার উল্লেখযোগ্য হারে বাড়ছে। অর্থাৎ নারী আইনের পথে তার বঞ্চনা এবং নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর উপায় খুঁজে নিচ্ছে। জয় হোক নারী অধিকারের। আইনী পথে প্রতিকার খুঁজে নেবার পর ও পরিবার নারীকে তার জন্মগত অধিকার থেকে বঞ্চিত করছে এমন দৃষ্টান্ত খুবই হতাশাব্যঞ্জক !
২০১৯ সালের নারী দিবসের অঙ্গিকার হোক এ ধরণের সামাজিক সমস্যা থেকে মুক্ত করতে হবে সমাজকে। নারীর প্রতিটি সংকটে পাশে থাকুক তার জন্মদাত্রী মা এবং পরিবার ; সংকট থেকে উত্তরণের পথে একাত্ম হোক । 
নারী মুক্তি মানব মুক্তির পথ খুলে দেয়। এ কারণেই নারী দিবস ২০১৯ এর প্রতিপাদ্য’  সমান চিন্তা, বুদ্ধিদীপ্ত নির্মাণ, পরিবর্তনের জন্য উদ্ভাবন', যা সেই সব পরিকাঠামো, ব্যবস্থা ও অবকাঠামোকে চিহ্নিত করে, যেগুলো গড়ে উঠেছে পুরুষ নির্ধারিত সংস্কৃতির আলোকেই। পুরুষ শাসিত সমাজে বেড়ে ওঠা নারী এখনো বিব্রত হয় কন্যা সন্তানের অধিকারের লড়াইয়ে একাত্ম হতে। পুরুষ নির্ধারিত সংস্কৃতির আলোকে বন্দী নারী নিজের অজান্তে অথবা সচেতন ভাবেই ডুবে যায় অন্ধকারের অতল গর্ভে!তবে কি  কন্যা সন্তান এখনো নিরাপদ নয় জন্মদাত্রী মায়ের ছায়াতে থেকেও?
   মায়ের ছায়া যদি ঢাকা পড়ে যায় পুরুষতান্ত্রিকতার দাপুটে  সংস্কৃতির আলোছায়ার খেলায়, অসহায় কন্যার বেঁচে থাকার অধিকার লুঠ হয়ে যায়!
আইনি সুরক্ষায় ক্ষেত্রবিশেষে নারী কোনরকমে রক্ষা পেলে ও পুরুষ নির্ধারিত এবং পরিচালিত সংস্কৃতির প্রতি অন্ধ পরিবারের দায়িত্বহীন বিরূপ অবস্থান সংকটময় করে তোলে নারীর জীবন ও ভবিষ্যৎ।
 সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেৎকিনের জয় হোক! সফল হোক আন্তর্জাতিক নারী দিবস!
 সুমি খান: সম্পাদক, সূর‌্যবার্তানিউজডটকম
১৩ মার্চ, ২০১৯, ঢাকা

Monday, December 31, 2018

লড়ে নেবে নারী তার অধিকার-সুমি খান

একদিন জেগে ওঠে
চির প্রবঞ্চিত নারী-
পক্ষ থেকে পক্ষান্তরে
হয়ে ওঠে ভয়ঙ্করী!

আজন্ম লালিত
পুরুষ শাসিত সমাজের আধিপত্য ভাঙ্গে
প্রবল বিদ্রোহে !

জেনে গেছে লড়ে নিতে
বাঁচবার অধিকার!

পয়লা জানুয়ারী, ২০১৯, সকাল ৯টা
বসুন্ধরা, ঢাকা।

ব্রাত্যজনের কাব্য- সুমি খান

ব্রাত্যজনের কাব্য-১

নামেই বিধাতা তুমি
 মানো না জন্মের অধিকার !
মানো না  মাতৃত্বের অধিকার !
মানো শুধু প্রবঞ্চকের
শঠতার জয়-
 তাই বুঝি কেড়ে নিতে হয় ?

নিষ্প্রাণ দেহের
নিঃশেষিত প্রাণবায়ু
ভেসে বেড়ায় অনন্ত আকাশে!
তার পূর্বকালেই
সব কেড়ে নিতে পারো-
নীরবে নিঃশেষে!

শঠতার হঠকারী
অথবা নীরবতার তীব্রতা
জানা নেই তোমার যেমন!
অনন্তলোকের প্রতীক্ষা কি
পলে পলে ফুরায় এমন!

নাড়িছেঁড়া ধন আর
মায়ের মমতা যতো
সবই তুমি কেড়ে নিতে পারো?
বলো নি তো দুঃস্বপ্নেও!

এতোটা ধৃষ্টতা যেন
তুমিই দেখাতে পারো-
জেনে রাখো তবু দিনশেষে
আমরা নারীরা লিখি
মায়েদের হাত দিয়ে
বোনেদের প্রাণ দিয়ে
 আমার ই গভীর দীর্ঘশ্বাস
ভাসে  তোমার বাতাসে!!

সত্য কঠিন মেনে-
কঠিনেরে ভালোবেসে-
অষ্টপ্রহর বেনোজলে ভেসেছি
নিজেকে  চিতায় পুড়েছি   !
চিতার ছাইভস্ম থেকে
ফিনিক্স পাখির মতো
জেগে উঠে
চিরউদ্বাস্তু সীতা !

ভালোবেসে দিনশেষে
যুগ থেকে যুগান্তর
স্তব্ধতা ভাঙ্গবার
স্পর্ধিত ভালোবাসা
 ব্রাত্যজনের প্রাণে
 স্পর্শে নিরন্তর!

 (২০১৮ ছেড়ে ২০১৯ এ পদার্পন -)
০১০১১৯ সকাল ৮.১৫


Saturday, December 29, 2018

মুক্তিযুদ্ধের পক্ষশক্তির জয় অর্জনের মাধ্যমে রচিত হোক নতুন ইতিহাস-সুমি খান


আজ ৩০ ডিসেম্বর, রোববার আমাদের সামনে  অসামান্য এক সকাল এসেছে- নাগরিক অধিকার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে যাচ্ছি। সাধারণ মানুষ নির্ধারণ করবে কারা পরবর্তী বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব নিতে রাষ্ট্রক্ষমতায় আসছে।একাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘সর্বাধিক সংখ্যক প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে। উৎসবমুখর ভোট হবে এটাই আশা।তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
১০ কোটিরও বেশি ভোটারের হাতে আজ ক্ষমতা। আজ আমরাই বাংলাদেশ। আমরা ভোট দিয়ে আগামী পাঁচ বছরের জন্য আমাদের নেতা নির্বাচন করব। দেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাব।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ রোববার সকাল আটটায় শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। এবারের ভোটে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত নভেম্বর। এরপর একবার পুনঃ তফসিল করা হয়। এর ফলে ভোটের তারিখ ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর করা হয়।
৩৯টি রাজনৈতিক দল অংশ নিলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়ামী লীগ (নৌকা) বিএনপির (ধানের শীষ) মধ্যে। ভোটে আওয়ামী লীগ মহাজোট ১৪ দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছে।  বিএনপি ২০ দলের নেতৃত্বে . কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক  
এবারও কী বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ জিতছে না কি, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জিতবেএমন নানামুখী আলোচনার উত্তর পাওয়া যাবে আজই। বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের পর শুরু হবে ভোট গণনা। এবারই প্রথমবারের মতো ছয়টি আসনে ইভিএমে ভোট হচ্ছে। ইভিএমে ভোট হবে ঢাকা-, ঢাকা-১৩, চট্টগ্রাম-, রংপুর-, খুলনা- সাতক্ষীরা- আসনে। এসব আসনে ভোট গ্রহণ শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তবে ব্যালটে ভোট হওয়া আসনগুলোর ফল পেতে কিছুটা সময় লাগবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা আশা করছেন, রাত ১০টা থেকে ১২টার মধ্যে পরবর্তী সরকার কারা গঠন করছে, সে সম্পর্কে জানতে পারবে সাধারণ মানুষ।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে একটি আসন (গাইবান্ধা-) ছাড়া বাকি ২৯৯টি আসনে আজ ভোট গ্রহণ হচ্ছে। গাইবান্ধা- (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান . টি আই এম ফজলে রাব্বী চৌধুরী ২১ ডিসেম্বর ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইন অনুযায়ী প্রার্থীর মৃত্যুতে এই আসনের নির্বাচন বন্ধ রেখেছে নির্বাচন কমিশন।এই আসনে ভোট গ্রহণের নতুন তারিখ আগামী ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মী সমর্থকদের শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী নিজের ভোট দিয়ে বেরিয়ে বিজয়ের চিহ্ণ দেখিয়ে বলেছেন, নৌকাই বিজয়ী হবে। একই সাথে তিনি বলেছেন, জনগণের রায় তিনি মাথা পেতে নেবেন। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা . কামাল হোসেন বলেছেন, ভোটে কারচুপি না হলে তাঁরাই জিতবেন। তিনি ভোটকেন্দ্র পাহারা দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে লাখ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সশস্ত্র বাহিনী, পুলিশ, ্যাব, আনসার, কোস্টগার্ড, বিজিবি সদস্যরা রয়েছেন। সারা দেশে ৪০ হাজার ১৮৩টি ভোটকেন্দ্র নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন ভোটার এর মধ্যে পুরুষ ভোটার কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ জন ,মহিলা ভোটার কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন ।নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি ।মোট প্রার্থী হাজার ৮৬১ জন, রাজনৈতিক দলের প্রার্থী হাজার ৭৩৩ জন ,স্বতন্ত্র প্রার্থী ১২৮ জন
এই বাস্তবতায় ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে দেশের ভবিষ্যৎ কাদের নিয়ন্ত্রণে দেবেন তারা। আমাদের ভুলে গেলে চলবে না , তিরিশ লাখ শহীদের আত্মদানে আমরা দেশ পেয়েছি। আমাদের মাতৃভাষা, আমাদের পতাকা, আমাদের পবিত্র মাতৃভূমি সবকিছু অর্জন করতে হয়েছে লাখো মানুষের রক্তের বিনিময়ে।ব্রিটিশবিরোধী আন্দোলন, মাতৃভাষা রক্ষার আন্দোলনে যারা আত্মদান করেছেন , তাঁদের রক্তের স্রোতধারায় স্বাধিকার আদায়ের জন্য  দীর্ঘ আন্দোলন সংগ্রামের রক্তাক্ত পটভূমি তৈরি করে দিয়েছেন তিরিশ লাখ শহীদ এবং দুই লাখ বীরাঙ্গনা। তাঁদের মহান আত্মদান যেন আমরা ভুলে না যাই। একই সাথে এই মহান আত্মদান নিয়ে যারা বারবার প্রশ্র তুলেছে, তাদের চিনতে যেন আমরা ভুল না করি।
বিএনপি নেত্রী খালেদা জিয়া একাত্তরে কী ভূমিকা পালন করেছেন, কম বেশী অনেকেই তা জানেন। কারণেই হয়তো তিনি এবং তার অনুসারীরা প্রশ্ন তুলেন তিরিশ লাখ শহীদের সংখ্যা নিয়ে। স্বাধীনতার ৪৫ বছরের মাথায় এসে ২০১৫ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবসে ঢাকায় আয়োজিত মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে খালেদা জিয়া একাত্তরের মহান শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন।১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে নিহত মানুষদের আনুষ্ঠানিক যে সংখ্যা সেটি নিয়ে বিতর্কের কথা তুলে তিনি বলেন, মক্তিযুদ্ধের সময় কতো মানুষ নিহত হয়েছিলো তা নিয়ে বিতর্ক আছে।সেই সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দীনআহমেদ। (বিবিসি,২১শে ডিসেম্বর,২০১৫)
(https://www.bbc.com/bengali/news/2015/12/151221_bangladesh_khaleda_zia_1971)

   খালেদা জিয়ানিজামী জোটের ২০০১-২০০৫ শাসনামল, ভয়াবহ সংখ্যালঘু নিধনের ধারাবাহিকতা, হাওয়া ভবনের পার্সেন্টেজ এবং গ্রেনেড হামলার বর্বোরোচিত কালো অধ্যায় গত ১০ বছরে অনেকে ভুলে গেলেও ইতিহাসের কাছে বারবার আমাদের ফিরে যেতে হবে। নাহয় সেই বর্বর ইতিহাসের পুনরাবৃত্তি কেউ রোধ করতে পারবে না।
প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থাই আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি। আজ আমরা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন বা ধারাবাহিকতা রক্ষার সবচেয়ে বড় উৎসব, নির্বাচনে অংশ নেব। আজ আমরা ভোট দিয়ে আমাদের অধিকার বুঝে নেব। আর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে অবশ্যই লক্ষ্য রাখতে হবে- মুক্তিযুদ্ধের উদার গণতান্ত্রিক চেতনাকে আমরা সমুন্নত রাখবো। আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য আর অসাম্প্রদায়িক মূল্যবোধ যেন কোন ভাবেই ভূলুন্ঠিত না হয়।
একটি উদার, মুক্ত, অসাম্প্রদায়িক, প্রগতিশীল রাষ্ট্রব্যবস্থাই আমাদের কাম্য।

স্মরণ করতে হবে ২০০৭ সালের সেনাসমর্থিত শাসন ব্যবস্থার কথা। ২০১৪ সালের জানুয়ারি অনুষ্ঠিত নিয়মরক্ষার নির্বাচন আর সেই নির্বাচন প্রতিরোধের নামে আগুন-সন্ত্রাসের বিভীষিকা ভুলে গেলে  নিজেদের সাথে জাতির সাথে চরম হঠকারী হবে। আর সেই বাস্তবতায় এবারের নির্বাচনটি জাতির জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
 নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সবাই নির্বাচনে অংশ নিচ্ছে। যাদের নিবন্ধন নেই, তারাও একাকার হয়ে গেছে বড় দুই জোটে। বামপন্থি রাজনৈতিক দলগুলোও জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে, জনসমর্থনে অনেকটা পিছিয়ে থাকলেও রাজনৈতিক দুর্বৃত্তায়ন, অর্থ আর পেশিশক্তির বিরুদ্ধে শক্ত বক্তব্য উপস্থাপন করছে তারা। ধর্মীয় দলগুলোও যার যার মতো করে তাদের বক্তব্য দিয়ে যাচ্ছে।জামায়াতকে ধানের শীষ প্রতীকে নির্বাচনী মাঠে নামার সুযোগ করে দেয়া হয়েছে। একাত্তরের চিহ্নিত স্বঘোষিত ঘাতকদের আবারো তিরিশ লাখ শহীদের রক্তস্নাত আমাদের পবিত্র জাতীয় পতাকা গাড়িতে উড়িয়ে জাতীয় সংসদে যাবার সুযোগ করে দিয়ে যেন ইতিহাস কলঙ্কিত হতে না দিই। 

বাংলাদেশের নির্বাচনে সহিংসতার ভয়াবহতায় বারবার আক্রান্ত হচ্ছে নিরীহ মানুষ। নির্বাচনপূর্ব, নির্বাচনের দিন নির্বাচনপরবর্তী- তিন ক্ষেত্রেই সহিংসতা ছড়ানো হয়। এসব সহিংসতায় সবচেয়ে বেশি আক্রান্ত হন জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হন নারীরা। নির্বাচনকে কেন্দ্র করে শিশু কিশোরী প্রবীণ দেরও ধর্ষণ করা, জীবন্ত পুড়িয়ে মারার দৃষ্টান্ত চাক্ষুষ করেছি আমরা ২০০১ থেকে ২০০৫ সাল অবধি।। সেই বর্বরতা আবার ফিরে আসুক নিশ্চয়ই কোন সুস্থ মস্তিষ্কের মানুষ চান না। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ শনিবার বলেছেন, ’সারাদেশের সংখ্যালঘু এলাকাগুলোয় সেনাবাহিনী গিয়ে আশ্বস্ত করছে, ভোটাররা যেন নির্ভয়ে নির্বিঘ্নে তাদের ভোটকেন্দ্রে আসতে পারে এবং যার যার ভোট প্রদান করতে পারে। এজন্য সেসব এলাকাগুলোতে সেনাবাহিনী টহল আজকেও যাচ্ছে, নির্বাচনের পরেও যাবে।' তিনি বলেন, 'সারাদেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করে আমরা দেখেছি, নির্বাচনের অত্যন্ত চমৎকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সেনাপ্রধান হিসেবে বলছি, আমিও এই দেশের নাগরিক। গত এক সপ্তাহ সারাদেশ ঘুরে আমার যে অভিজ্ঞতা হয়েছে, বিগত ৪৭ বছরে এরকম শান্ত শান্তিপূর্ণ পরিবেশ আমি দেখিনি।'
 এবারের নির্বাচনে এখন পর্যন্ত বিগত ১০টি জাতীয় সংসদ নির্বাচনের যে কোনোটির চেয়ে সহিংসতার মাত্রা কম।আজ ভোটের দিন, যাতে একটিও সহিংসতা না ঘটে, এটাই সাধারণ দেশের মানুষ চায়।
যে দল নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবেন বিজিত দল তাদের মেনে নেবেন এই আশা করা হয়তো বেশি চাওয়া। তবু জনগণের কাছে সেটাই কাঙ্খিত। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কার্যকর বিরোধী দল অপরিহার্য। যদিও আমরা গত ১০ বছরে সত্যিকার অর্থে কোন রাজনৈতিক দলকেই বিরোধী দলের দায়িত্ব পালন করতে দেখিনি। তবু প্রত্যাশা থাকে । সেই অনুযায়ী রাজনৈতিক দলের যারা এবার নিবন্ধিত হয়েছেন নির্বাচনের জন্যে ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের রাজনৈতিক নীতিনিষ্ঠতা থাকলে , তাঁরা নির্বাচনে বিজয়ী না হলেও নিবেদিতপ্রাণ রাজনীতিক হিসেবে দেশের এবং দশের কাজে নিজেদের উৎসর্গ করবেন, তা না হলে আগামীতে কখনো ভোটারদের কাছে নিজেদের প্রার্থীতা দাবি করার কোন যোগ্যতা তাঁরা রাখেন কিনা, সেটা প্রশ্নের দাবি রাখে।
এ কারণেই যারা বিরোধী দলের দায়িত্ব পালন করবেন, তারা কোন ধ্বংসাত্মক পথে না গিয়ে গঠনমূলক রাজনীতি করবেন। বিরোধী দলের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। যারা বিজয়ী হবেন, তারা সরকার গঠন করবেন, তাই বলে ধরাকে সরা জ্ঞান করে দেশের নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ভিটে মাটি দখল করার জন্যে তাদের নির্বিচারে হত্যা, ধর্ষণ, নির‌্যাতন, বা বিরোধী দলকে গ্রেনেড বিষ্ফোরণে নিশ্চিহ্ণ করা বা  প্রতিবেশী দেশের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে লালন করে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের মতো ভয়ঙ্কর সর্বনাশা কান্ডের ধারাবাহিকতা জনগণ দেখতে চায় না।
 গত ১০ বছরে রাজনীতিতে ইতিবাচক, নেতিবাচক দু’ধরণের পরিবর্তন মানুষ দেখতে পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দায়িত্বশীল ভূমিকার কারণে একাত্তরের ঘাতকদের বিচারের মুখোমুখি করে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে।  বোমা হামলার ধারাবাহিকতা এবং আগুন সন্ত্রাসের ভয়াবহতা প্রায়  বন্ধ করা গেছে বলা যায়। তবে এর পাশাপাশি ভোটের রাজনীতির কাছে হার মেনে  আওয়ামী লীগ সরকারের অদূরদর্শী পদক্ষেপে সভ্যতার জন্যে চরম হুমকি জঙ্গী সংগঠন হেফাজতে ইসলামী এবং কওমী মাদ্রাসার ধারক বাহকদের ব্যাপক উথ্থান কাউকে গ্রাস করেছে, আবার কাউকে সন্ত্রস্ত, উদ্বিগ্ন এবং শঙ্কিত করেছে। বাঙ্গালীর হাজার বছরের সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক সমাজ রক্ষা করতে হলে এই নেতিবাচকতা কাটিয়ে উঠতেই হবে আওয়ামী লীগকে। সেটা দুরূহ হলেও একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষেই তা সম্ভব। এ কারণে সাধারণ মানুষের অনেক বেশি নির্ভরতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর। তারা রাজনীতিতে ইতিবাচক এবং গুণগত পরিবর্তন আশা করে। আর তার প্রমাণ দিতে হবে আজ মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির প্রতীকে ভোট দানের মাধ্যমে ।

   পরিশেষে ,সার্বিক ভাবে জনগণের কাছে কাঙ্খিত গণতন্ত্র বজায় রাখতে হলে আবারো শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের শক্তিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আজকের ভোটারদের।  মুক্তিযুদ্ধের পক্ষশক্তি এবং সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল শক্তিকে বিজয়ী করতে সম্মিলিতভাবে আমরা কাজ করে যাবো এই শপথে একাত্ম হতে হবে আমাদের। সকল উদ্বেগ-উৎকন্ঠা কাটিয়ে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষশক্তির বিজয়ের মাধ্যমে আরেকটি নতুন ইতিহাস রচনা করুক আজকের এই দিন।
Sumikhan29bdj@gmail.com